আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। বারবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে বড় ধামাকা নিয়ে হাজির হলেন নির্মাতারা। মুক্তি পেল ছবিটির নতুন প্রমোশনাল ভিডিও। যার নাম ‘লেডিস অ্যান্ড লেডিস’। ১ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারটি মুক্তির সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় সৃষ্টি করেছে তোলপাড়। তবে এই ভিডিওর সবচেয়ে বড় চমক হলো—এখানে ইয়াশের চেয়েও বেশি হাইলাইট করা হয়েছে সিনেমার পাঁচ ক্ষমতাশালী নারী চরিত্রকে।
ভিডিওর শুরুতেই একটি অদ্ভুত এবং বোল্ড ডিসক্লেমার দেওয়া হয়েছে। যা সচরাচর ভারতীয় সিনেমায় দেখা যায় না। সেখানে লেখা—‘বাচ্চারা... দূরে থাকো। মা-বাবারা... নিশ্চিত করুন যেন আপনার বাচ্চারা দূরে থাকে। দাদা-দাদিরা... নিশ্চিত করুন যেন আপনাদের নাতি-নাতনিরা দূরে থাকে। আর প্রপিতামহরা... সম্পূর্ণ নিজেদের ঝুঁকিতে দেখুন!’ এই একটি সতর্কবার্তাই বলে দিচ্ছে গীতু মোহন্দাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামাটি কতটা ডার্ক এবং রিল্যাক্সড হতে যাচ্ছে।
সাধারণ কমার্শিয়াল সিনেমার মতো এখানে নায়িকাদের কেবল রোমান্টিক ডল হিসেবে দেখানো হয়নি। বরং প্রত্যেকেই যেন একেকজন লেডি ডন! সাউথ লেডি সুপারস্টার নয়নতারাকে দেখা গেছে রেট্রো স্টাইলের লাল পর্দার মাঝে মেকআপ আয়নার সামনে এক রহস্যময় লুকে। পরমুহূর্তেই তাকে বাইক নিয়ে দুর্দান্ত একটি স্ট্যান্ট করতে দেখা যায়। কিয়ারাকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস ক্লোজ-আপে। যার ব্যাকগ্রাউন্ডে আগুন নিয়ে চলছে খেলা।
তারা সুতারিয়াকে দেখা গেছে একটি ধোঁয়াটে লাউঞ্জে ‘ফেম ফাতাল’ বা বিপজ্জনক সুন্দরী রূপে, অন্যদিকে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত ভিন্টেজ সিঁড়িতে দাঁড়িয়ে পিস্তল তাক করে সবাইকে চমকে দিয়েছেন। অন্যদিকে লেদার জ্যাকেটে সম্পূর্ণ ‘গথ-পাঙ্ক’ গ্যাংস্টারের বেশে একটি ডাইনিং টেবিলে রাজত্ব করছেন হুমা।