রাতে একই বিছানায় স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলেন স্ত্রী। ভোরে ঘুম ভাঙলে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পাশের ঘরে বিমের সঙ্গে ঝুলতে দেখা যায় তার মরদেহ। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার (১ জুলাই) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা এলাকায়।
মৃত মো.শাহাবুদ্দিন (৩৫) ওই এলাকার বাসিন্দা মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে হরহামেশাই পারিবারিক কলহ লেগে থাকত।
ঘটনার আগের রাতেও তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাতে দুজনই একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে
বিছানায় না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে পাশের খালি ঘরে গিয়ে দেখেন, ঘরের বিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহাবুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’