‘এখনো আগের মতোই নার্ভাস লাগে’

আগামীকাল শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এ ম্যাচটি আলবিসেলেস্তেদের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ লিওনেল স্কালোনির জন্য এক অনন্য মাইলফলক হতে যাচ্ছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ১০০তম ম্যাচ।

 ২০১৮ বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির বিদায়ের পর যখন একপ্রকার অনভিজ্ঞ স্কালোনির হাতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু সেই ‘স্কালোনেতা’র অধীনেই বদলে যায় আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছরের ট্রফি খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনাকে ফুটবলবিশ্বের চূড়ায় বসিয়েছেন ৪৮ বছর বয়সী এ মস্টারমাইন্ড।

 ১০০তম ম্যাচের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও স্কালোনি জানালেন, দলের জন্য তার আবেগ ও নার্ভাসনেস প্রথম দিনের মতোই আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর তিনি বলেন, আমি ঠিক প্রথম দিনের মতোই আছি, বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। প্রতিবার যখন দল মাঠে নামে, পেটের ভেতর অন্যরকম একটা অনুভূতি (নার্ভাসনেস) কাজ করে। ফুটবলে ‘রিলাক্সড’ বা গা বাঁচিয়ে খেলার মতো কোনো ম্যাচ নেই। যেদিন থেকে এই অনুভূতিটা চলে যাবে, সেদিন বুঝবেন সমস্যা আছে।

এ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে ৯৯টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন স্কালোনি। তার রেকর্ড এককথায় অবিশ্বাস্য ৭২ জয়, ১৮ ড্র এবং মাত্র ৯ পরাজয়!

আগামীকাল শুক্রবার শততম ম্যাচে নামার মাধ্যমে তিনি কিংবদন্তি গুইলার্মো স্ট্যাবিলের ১২৪ ম্যাচের রেকর্ডের আরও কাছে চলে যাবেন। ইতিমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দুই কোচ সিজার লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোকে (উভয়েই ৭৯টি ম্যাচ) ছাড়িয়ে গেছেন স্কালোনি।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে আছেন স্কালোনির শিষ্যরা। নকআউট পর্বের আগে স্কালোনি বেশ আত্মবিশ্বাসী, ‘আমরা দারুণ একটা অবস্থানে আছি। এখন বিশ্বকাপের অন্য এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর এটাই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর অংশ।’

গতকাল বুধবার সকালে কানসাসে বন্ধ দরজার আড়ালে শেষ অনুশীলন সেরে বিকেলেই মায়ামি পৌঁছাবে আর্জেন্টিনা। স্কালোনির এ শততম ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে যেতে উন্মুখ হয়ে আছে গোটা আলবিসেলেস্তে শিবির।