মেসির শর্টকাট

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম

বয়স ৩৯ বছর, যা গত সপ্তাহেই উদযাপন করেছেন লিওনেল মেসি। তবে চলতি বিশ্বকাপে আর্জেন্টাইন এই মহাতারকা প্রমাণ করে দিচ্ছেন যে, ফুটবলে শ্রেষ্ঠত্ব দেখাতে হলে সবচেয়ে দ্রুতগতির বা সবচেয়ে বেশি পরিশ্রমী হওয়ার প্রয়োজন নেই। ওপ্টা-এর একটি সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ থেকে জানা গেছে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশ নেওয়া সব আউটফিল্ড (গোলরক্ষক বাদে) খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম দৌড়েছেন আর্জেন্টিনার এই ১০ নম্বর জার্সিধারী।

মেসি প্রতি ৯০ মিনিটে গড়ে মাত্র ৮.১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। গ্রুপ পর্বে কমপক্ষে ৯০ মিনিট মাঠে ছিলেন এমন ৬১৮ জন খেলোয়াড়ের মধ্যে দূরত্বের দিক থেকে মেসির অবস্থান সবার নিচে।

সবচেয়ে কম দৌড়েও মেসি কিন্তু টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতা। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি করেছেন অবিশ্বাস্য ৬টি গোল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও দ্বিতীয় রাউন্ডে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে মেসির সমান ৬ গোল নিয়ে শীর্ষে আছেন। তবে গোল করার দক্ষতায় মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। আগামী শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

প্রতি ৩৩ মিনিটে একটি গোল

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ : ম্যাচের ৮০ মিনিটে বদলি হওয়ার আগে একাই ৩ গোল (হ্যাটট্রিক) করেন। এর মাধ্যমে জার্মানির মিরোসøাভ ক্লোসেকে (১৬ গোল) ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসের যৌথ শীর্ষ গোলদাতা হন।

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ : পুরো ম্যাচ খেলে দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন মেসি। এর মাধ্যমে ক্লোসেকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নেন।

জর্ডানের বিপক্ষে তৃতীয় ম্যাচ : নকআউটের আগে বিশ্রামে থাকায় মেসি ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন। তাতেই ৩১ মিনিটে একটি গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৯-এ।

ইনজুরি টাইম বাদে গ্রুপ পর্বে মেসি সব মিলিয়ে ২০০ মিনিট মাঠে ছিলেন (ম্যাচ প্রতি গড়ে ৬৬ মিনিট)। অর্থাৎ বলের পেছনে অনর্থক না ছুটে, মাঠের শর্টকাট ও সঠিক পজিশন ব্যবহার করেই গড়ে প্রতি ৩৩ মিনিটে একটি করে গোল করেছেন এই ফুটবল জাদুকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত