পেঁপে ক্ষেতে মিলল রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে বাড়ির অদূরে নিজের লাগানো পেঁপে ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত শামসুদ্দিন মৃত আমজাদ হোসেন ওরফে আমনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার ছিলেন।

নিহতের স্ত্রী কাঞ্চনমালা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে শামসুদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম পেঁপে ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

তিনি বলেন, স্বামীর মৃত্যুকে ঘিরে তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ, সন্দেহ বা আপত্তি নেই। পরিবারের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 

স্থানীয়দের ভাষ্য, শামসুদ্দিন কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ছিলেন। ছেলের মাদকাসক্তি এবং মেয়ের দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তবে এ বিষয়ে চিকিৎসাগত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সিংগাইর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও মৃত্যুকে ঘিরে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানাননি। এ কারণে এবং পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।