নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কায় জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ধারা জারি থাকবে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া শহর জুড়ে প্রশাসনের পক্ষে মাইকিং করা হচ্ছে।
আদেশে বলা হয়, জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুইপক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে বর্ণিত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে এই মর্মে অফিসার ইনচার্জ, জলঢাকা থানা নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করেছেন।
এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। উক্ত সময়ে উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশও রয়েছে। আমরা যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে সজাগ রয়েছি।
এবিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, জনসাধারণের কোনো ধরণের সমস্যা না হয় এজন্য মাইকিং করে ১৪৪ ধারা ব্যাপারে সকলকে অবগত করা হচ্ছে।