কে এগিয়ে চ্যাটজিপিটি নাকি জেমিনাই

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রতিনিয়ত নতুন মডেল আসছে। হাজারো এআই টুলের ভিড়ে সাধারণ ব্যবহারকারীদের কাছে সবচেয়ে পরিচিত দুটি নাম হলো চ্যাটজিপিটি ও জেমিনাই। তবে কোনটি সেরা এ প্রশ্নের সহজ উত্তর নেই। কারণ নতুন সংস্করণ প্রকাশের সঙ্গে সঙ্গে এআই মডেলগুলোর সক্ষমতা দ্রুত বদলে যায়। তাই একটি-দুটি প্রম্পট দিয়ে তুলনা করার বদলে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বেঞ্চমার্কের ফলাফলকে বেশি গুরুত্ব দেন।

বর্তমানে এআইয়ের যুক্তি, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ে কয়েকটি স্বীকৃত মানদ- ব্যবহৃত হয়। এর মধ্যে ‘জিপিকিউএ ডায়মন্ড’ বেঞ্চমার্কে পিএইচডি পর্যায়ের বিজ্ঞানভিত্তিক কঠিন প্রশ্নের উত্তরে চ্যাটজিপিটি সামান্য ব্যবধানে জেমিনাইকে ছাড়িয়ে গেছে। এসব প্রশ্নের উত্তর সাধারণ সার্চে পাওয়া যায় না; প্রয়োজন হয় গভীর বিশ্লেষণ ও যৌক্তিক চিন্তার।

অন্যদিকে বাস্তব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান যাচাইকারী ‘এসডব্লিউই-বেঞ্চ প্রো’তেও চ্যাটজিপিটি এগিয়ে রয়েছে। অপরিচিত কোড বিশ্লেষণ, বাগ শনাক্ত এবং কার্যকর সমাধান তৈরিতে এটি তুলনামূলক ভালো ফল দেখিয়েছে। যদিও দক্ষ মানব সফটওয়্যার প্রকৌশলীর সমমানে পৌঁছাতে এআইয়ের এখনো অনেক পথ বাকি। এ ছাড়া ‘এআরসি-এজিআই২’ বেঞ্চমার্কে অপরিচিত ধাঁধা ও নতুন প্যাটার্ন বোঝার পরীক্ষাতেও চ্যাটজিপিটি সামান্য ব্যবধানে এগিয়ে। সব মিলিয়ে বর্তমান আন্তর্জাতিক বেঞ্চমার্কগুলো বলছে, কঠিন যুক্তিনির্ভর কাজ, কোডিং এবং জটিল সমস্যা সমাধানে চ্যাটজিপিটি এখন জেমিনাইয়ের তুলনায় কিছুটা এগিয়ে থাকলেও এআই প্রতিযোগিতার চিত্র দ্রুত বদলে যেতে পারে।