এন্ড্রু কিশোরের একগুচ্ছ অপ্রকাশিত গান প্রকাশের ঘোষণা

আজ (৬ জুলাই) প্লে-ব্যাক সম্রাট এন্ড্র কিশোরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। মৃত্যুর আগে তিনি অন্তত ২০টি চলচ্চিত্রে প্রায় ৩০টির মতো গান রেকর্ড করেছিলেন, যেগুলো এখনও মুক্তি পায়নি। এন্ড্রু কিশোরের শেষ দিকের কাজের মধ্যে অন্যতম ছিল ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমার গান, যা তার অন্যতম আবেগঘন রেকর্ডিং হিসেবে বিবেচিত। 

এ ছাড়া ‘দত্তক’ ও ‘এক কোটি টাকা’সহ একাধিক সিনেমায় তর কণ্ঠে ডুয়েট ও একক গান রয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সংঘাত’-এ তিনি দুটি গান গেয়েছিলেন। এর মধ্যে ন্যান্সির সঙ্গে গাওয়া ‘আরও আগে কেন দেখা হলো না’ গানটি এবং বেলার সঙ্গে ‘সুখেরই ঠিকানা’ অন্য একটি গান শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। 

ছটকু আহমেদ বলেন, ‘কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ‘দলিল’ সিনেমার ‘ভালোবাসা একবারই হয়, বারো মাস ভালোবাসা হয় না’ গানটি বেশ দরদ দিয়ে করেছিলেন। যতদূর মনে পড়ে, সিনেমায় গানে এটিই তার শেষ গান। বরেণ্য গীতিকার মনিরুজ্জামানের কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। এটি তাঁর সুর করা সর্বশেষ গান। আর এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। নানা কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি। ইচ্ছা আছে কাজটি শেষ করার। এরপর সিনেমার মুক্তি নিয়ে ভাবব। শ্রোতারা অপেক্ষায় আছেন গানটির জন্য। সিনেমাটি মুক্তির পর শ্রোতারা শুনতে পাবেন তাদের প্রিয় শিল্পীর গানটি।’ 

এন্ড্রু কিশোরের দীর্ঘদিনের সহকর্মী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস বলেন, দাদার গাওয়া অনেক গানই এখনও বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। কিছু সিনেমার কাজ শেষ হয়নি, কিছু আবার মুক্তির অপেক্ষায়। ‘দত্তক’ সিনেমায় দাদার সঙ্গে একটি ডুয়েট গান করেছি। ‘এইতো জীবন কিছু হাসি কিছু কান্না’ শিরোনামে বাবা ছেলের এই গানটির সুর সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।