ঢাকা-আরিচা মহাসড়কে ৬ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল ও পাটুরিয়া সংযোগ মোড়ে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় পরিচালিত এ অভিযানে স্ট্যান্ডবিহীন স্থানে বাস দাঁড় করিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে মোট ৬টি মামলায় বিভিন্ন পরিবহনকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও মনীষা রানী কর্মকার জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।