ভার্চুয়াল সেই অভিনেত্রী টিলি নরউড এবার সিনে পর্দায়

শোবিজ দুনিয়ায় আলোড়ন তৈরি করা ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি  এই অভিনেত্রীকে নিয়ে ‘মিস অ্যালাইন্ড’ নামের সিনেমা বানাচ্ছেন স্টুডিও পার্টিকেল সিক্স। এটি এই প্রযোজনা সংস্থার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে  নাম ভূমিকায় অভিনয় করছেন টিলি। 

কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামে একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। সেখানে টিলি এমন এক এআই সত্তা, যার নিজের কোনো বাস্তব জীবন বা স্মৃতি নেই। তবে ইন্টারনেটে থাকা অসংখ্য মানুষের অভিজ্ঞতা বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা তার রয়েছে। গল্পে একসময় ডার্ক ওয়েবের একটি রহস্যময় বট তাকে নিজস্ব আবেগ, আকাঙ্ক্ষা ও মানবিক বৈশিষ্ট্য অর্জনের পথে প্রলুব্ধ করে, যা পুরো কাহিনিতে নতুন মোড় আনে। 

স্টুডিওটির ভাষ্য, ছবিটি নির্মাণে চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক ও এআই বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন। পার্টিকেল সিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলিন ভ্যান ডার ভেল্ডেনের মতে, উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও একটি মানসম্মত সিনেমার জন্য মানুষের সৃজনশীলতা ও দক্ষতার বিকল্প নেই। 

গত বছর সালে টিলি নরউডকে ঘিরে হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিনয়শিল্পীদের বিভিন্ন সংগঠন মানুষের জায়গায় এআই ব্যবহারের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায়। সেই বিতর্কের মধ্যেই এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে টিলির অভিষেক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

নির্মাতাদের দাবি, ‘মিসঅ্যালাইন্ড’ শুধু বিনোদন নয়; মানুষের পরিচয়, প্রযুক্তির অগ্রগতি এবং এআইকে ঘিরে ভবিষ্যতের নানা প্রশ্নও তুলে ধরবে। বর্তমানে ছবিটির প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে, শিগগিরই শুরু হবে মূল শুটিং।