'কী দুর্দান্ত সংকল্প', মেসি জাদুতে মুগ্ধ ব্রাজিল কিংবদন্তি

 

বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ৩-২ গোলের মহাকাব্যিক জয় কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। মাত্র ১৩ মিনিটে ৩ গোল দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের এই অবিশ্বাস্য কোয়ার্টার ফাইনালে ওঠার রূপকথা ছুঁয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ফুটবলীয় আবেগ ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদো। ইনস্টাগ্রামে মেসির প্রশংসা করে দেওয়া তার একটি পোস্ট এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ব্যালন ডি’অরজয়ী রিভালদো মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনকে খোলামনে সাধুবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন-

'কী দুর্দান্ত সংকল্প, জেতার কী তীব্র আকাঙ্ক্ষা, কী অবিশ্বাস্য লড়াই এবং সবার কী দারুণ আত্ননিবেদন! ফিফা বিশ্বকাপে ভক্তরা মাঠের মধ্যে ঠিক এই জিনিসটাই দেখতে চায়।"

মেসি সম্পর্কে এই সেলেসাও কিংবদন্তি আরও লেখেন: "লিও মেসিকে নিয়ে আলাদা করে কিছু বলার আর বাকি থাকে না—কী অসাধারণ একজন খেলোয়াড়! ৩৯ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেও সে আর্জেন্টিনার জার্সির জন্য একই রকম আবেগ দেখিয়ে যাচ্ছে। সে বুনো উদযাপন করছে, লড়াই করছে, কাঁদছে এবং আরও একবার প্রমাণ করল যে সে-ই ম্যাচের ভাগ্য নির্ধারণকারী।"

ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন ফুটবল শত্রুতার কথা মনে করিয়ে দিয়ে রিভালদো তার পোস্টে যোগ করেন:

"আমি একজন ব্রাজিলিয়ান। আমি আমার দেশকে ভালোবাসি এবং সবসময় আমাদের জাতীয় দলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই একটা অংশ, তবে মাঠের একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং যে দল তাদের সবকিছু উজাড় করে দেয়, তাদের স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করতেও আমি জানি। এই ধরণের ম্যাচগুলো ফুটবলের মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যায় এবং এগুলোই প্রকৃত ফিফা বিশ্বকাপের যোগ্য।"

প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সকে সম্মান জানানোর কারণে ফুটবল ভক্তদের প্রশংসায় ভাসছেন খোদ রিভালদোও। তার পোস্টে একজন আর্জেন্টাইন ভক্ত মন্তব্য করেছেন, "আমাদের মতো একজন খেলোয়াড়কে আপনি মূল্যায়ন করছেন তা জানা অত্যন্ত সম্মানের। আর্জেন্টিনার সকল মানুষের পক্ষ থেকে আপনার প্রতি গভীর শ্রদ্ধা।"* অন্য এক ভক্ত লিখেছেন, *"প্রতিদ্বন্দ্বিতা ভুলে মহত্ত্বকে চেনার এই গুণটিই আপনাকে সবসময় অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।"