ভ্যাঙ্কুভারের মাঠে ৭২ বছরের দীর্ঘ খরা কাটানোর ঐতিহাসিক উল্লাস এখনো পুরোপুরি থামেনি। অথচ সুইস ড্রেসিংরুমের চোখ এখনই চলে গেছে কানসাস সিটির দিকে, যেখানে তিন দিন বাদেই তাদের মুখোমুখি হতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসির। লাতিন পরাশক্তি কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সুইজারল্যান্ডের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দেওয়ার ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দলটির কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘এখন আমাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এখন নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছি।’
কোচের এই হুঙ্কারের নেপথ্যে রয়েছে সাতটি দশক ধরে জমে থাকা দীর্ঘশ্বাস আর এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। ১৯৫৪ সালে নিজেদের ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল সুইজারল্যান্ড। এরপর প্রজন্মের পর প্রজন্ম এসেছে, গেছে। কিন্তু বিশ্বকাপের শেষ আটে আর ওঠা হয়নি তাদের। কখনো শেষ ষোলোর গেরো, আবার কখনো টাইব্রেকারের ভাগ্য বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। অবশেষে দীর্ঘ ৭২ বছরের সেই অপেক্ষার অবসান ঘটল ভ্যাঙ্কুভারে। কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিটের সমানে-সমান লড়াই শেষে, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ১৯৫৪ সালের পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইসরা।
নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের গোলশূন্য বন্ধ্যত্ব ভাঙতে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয় পেনাল্টি শুটআউটের লটারিতে। আর সেখানেই ত্রাতা হয়ে আবির্ভূত হন সুইস গোলরক্ষক কোবেল। কলম্বিয়ার ডাভিনসন সানচেজের শট ক্রসবারে লাগার পর কুচো হার্নান্দেজের নেওয়া পেনাল্টিটি দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে আটকে দেন কোবেল। যদিও ম্যানুয়েল আকাঞ্জি সুইজারল্যান্ডের হয়ে শট মিস করেছিলেন, কিন্তু শেষ পেনাল্টিতে রুবেন ভার্গাস কোনো ভুল করেননি। বল জালে জড়াতেই ৭২ বছরের জমে থাকা সব দীর্ঘশ্বাস রূপ নেয় বাঁধভাঙা উল্লাসে।
চোটের শঙ্কা কাটিয়ে শেষ মুহূর্তে মাঠে নেমে জয়সূচক পেনাল্টি নেওয়া রুবেন ভার্গাস ম্যাচ শেষে আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ মাঠে নামতে পারব কি না তা নিয়েই সংশয় ছিল। আমরা আজ ইতিহাস তৈরি করেছি, অনুভূতিটা অবিশ্বাস্য।’
মামজাম্বিকে হারানোর বড় ধাক্কা দলগতভাবে সামলানোর স্বস্তি কোচের কণ্ঠেও ঝরেছিল ম্যাচ শেষে। তবে তার মূল ফোকাস এখন সেমিফাইনালের টিকিটে।