বেশ ফুরফুরে মেজাজেই গতকাল জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেন পারভেজ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনরা। লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকাররাও মুখে হাসি নিয়েই সে দেশে পা রাখেন। তবে মাঠের লড়াই শুরু হলেই বদলে যাচ্ছে পরিস্থিতি। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র ১৪২ রানের লক্ষ্য টপকাতে নেমেও ব্যর্থ ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে আজ সিরিজ বাঁচাতে নামবেন সফরকারীরা। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। চোট কাটিয়ে ফেরার কথা আছে লিটন দাসের। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন সৌম্য সরকার বা নুরুল হাসান সোহানের মধ্যে একজন। প্রথম ওয়ানডের মতো উইকেট থাকলে চার পেসার খেলানোর পরিকল্পনাও আছে লাল-সবুজের প্রতিনিধিদের। রিশাদ হোসেনের জায়গায় বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফিরতে পারেন।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সিরিজের বাকি দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। জিম্বাবুয়ে র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এ দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ দল খুব বেশি পয়েন্ট অর্জন করবে না। কিন্তু হারলে ক্ষতি হবে বেশি। এমনিতেই প্রথম ওয়ানডে হারায় ২ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৮৬ থেকে ৮৪ হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। এক ম্যাচ জিতে ১২ থেকে ১১ নম্বরে উঠে এসেছে দলটি।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে জিম্বাবুয়ে। সে দেশে খেলা ৩৫ ম্যাচের মধ্যে ১৮ জয় জিম্বাবুয়ের, ১৭ বাংলাদেশের। তবে পরিসংখ্যানের চেয়ে সিরিজ বাঁচানো নিয়েই বেশি ভাবনা মিরাজদের। প্রথম ম্যাচ হারের পর গত মঙ্গলবার হোটেলবন্দি থাকলেও গতকাল অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন সফরকারী ক্রিকেটাররা।