দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার ফজু মিয়া কন্ট্রাং রোডের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মিলন গাজী।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেটে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।