কুমিল্লায় তাহেরীর আগমন ঘিরে উত্তেজনা, বন্ধ মাহফিল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও আপত্তির মুখে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তার পূর্বনির্ধারিত মাহফিল। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে সরব হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পাশাপাশি তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান।

এদিকে মাহফিল আয়োজন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ। প্রশাসনের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত মাহফিলটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি সেখানে মাহফিল করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যেকোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত