কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ৩২৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৪ থেকে ২৬ নভেম্বর) পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আটক ব্যক্তিদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ৩২৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।
অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।