গরমে রান্নাঘরে লাল পিঁপড়ার উপদ্রবে কী করবেন

গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে লাল পিঁপড়ার আনাগোনাও বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘর, খাবার সংরক্ষণের স্থান কিংবা চিনির কৌটার আশপাশে এদের উপদ্রব বেশি দেখা যায়। একবার চলাচলের পথ তৈরি করতে পারলে খুব দ্রুতই তারা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তবে রাসায়নিক স্প্রে ব্যবহার না করেও কিছু সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবারের কণা ও মিষ্টিজাতীয় দ্রব্য খোলা অবস্থায় না রাখা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে পিঁপড়ার উপদ্রব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 সাদা ভিনিগার ব্যবহার করুন : পিঁপড়া চলার সময় একটি বিশেষ গন্ধের চিহ্ন রেখে যায়, যা অনুসরণ করে অন্য পিঁপড়ারাও একই পথে আসে। সমপরিমাণ পানি ও সাদা ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে পিঁপড়ার চলার পথে ছিটিয়ে দিন। এতে তাদের চলাচলের পথ বিঘিœত হয়।

 দারুচিনির গুঁড়া ছড়িয়ে দিন : দারুচিনির তীব্র গন্ধ পিঁপড়া পছন্দ করে না। তাই দরজার কোনা, জানালার ধারে বা পিঁপড়ার চলার পথে সামান্য দারুচিনির গুঁড়া ছড়িয়ে রাখতে পারেন।

লেবুর রসের ব্যবহার : লেবুর টক গন্ধও পিঁপড়া দূরে রাখতে সাহায্য করে। যেখানে বেশি পিঁপড়া দেখা যায় সেখানে লেবুর রস লাগিয়ে দিতে পারেন। চাইলে লেবুর খোসাও বিভিন্ন কোণে রেখে দিতে পারেন।

 লবণ ও বেকিং সোডা : পিঁপড়ার চলার পথে লবণ ছিটিয়ে দিলে তারা সাধারণত সেই পথ এড়িয়ে চলে। লবণের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়েও ব্যবহার করা যায়।

 পুদিনার গন্ধ কাজে লাগান : পুদিনা পাতা বা পুদিনার তেল রান্নাঘরের বিভিন্ন কোণে রাখলে পিঁপড়ার উপদ্রব কমতে পারে।