ক্লড কোড নিয়ে চীনের সতর্কবার্তা

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের জনপ্রিয় কোডিং টুল ক্লড কোড নিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করল চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, সফটওয়্যারটির কয়েকটি সংস্করণে এমন একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর সম্মতি ছাড়াই অবস্থান ও পরিচয়সহ সংবেদনশীল তথ্য দূরবর্তী সার্ভারে পাঠানো হতে পারে।

এ অভিযোগের পর চীনের বিভিন্ন প্রতিষ্ঠানকে টুলটি ব্যবহারে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা আগামী ১০ জুলাই থেকে দাপ্তরিক কাজে অ্যানথ্রপিকের এআই টুল ব্যবহারে কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সংস্করণগুলো আনইনস্টল অথবা সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে চীনের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২.১.৯১ থেকে ২.১.১৯৬ সংস্করণগুলোতে এ ত্রুটি শনাক্ত হয়েছে। অ্যানথ্রপিকের ওয়েবসাইট অনুযায়ী, এসব সংস্করণ গত ২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রকাশ করা হয়েছিল। বর্তমানে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করণ ২.১.২০৪। ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তিকে কেন্দ্র করে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। সম্প্রতি অ্যানথ্রপিক অভিযোগ করেছিল, আলিবাবা তাদের এআই প্রযুক্তি অনুকরণের চেষ্টা করছে। তবে সে অভিযোগে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি আলিবাবা। অন্যদিকে চীনের অভিযোগ সম্পর্কেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যানথ্রপিক।