আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু আজ

নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। সরকারের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কারের অগ্রগতি এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে দলটি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে তাদের বৈঠক শুরু হবে। এদিন সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকার নতুন কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবিলা এবং অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে গত ৯ জুন আইএমএফকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় দেশের সামগ্রিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণ, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারের অগ্রগতি, কর-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক খাত সংস্কারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ব্যাংক খাতও আলোচনার অন্যতম প্রধান বিষয়। পাশাপাশি রাজস্ব আদায় কম হওয়া, সরকারি ঋণ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি, বিদ্যুতের মূল্য সমন্বয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয় নিয়েও আলোচনা হবে।

জানা গেছে, চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বাস্তবতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ কতটা দক্ষতার সঙ্গে ব্যয় হচ্ছে, সে বিষয়েও জানতে চাইবে আইএমএফ।

ঢাকা সফর শেষে প্রতিনিধিদল তাদের মূল্যায়ন প্রতিবেদন ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে জমা দেবে।