বেলকুচিতে সুতা কাঁটার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতা কাঁটার মোটর চালিত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা খাতুন (২১) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মারজানা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে। 

নিহত মারজানা খাতুনের স্বামী হাসান আলী ও স্বজনেরা জানায়, প্রতিদিনের মতো ওইদিন সকাল থেকে মারজানা খাতুন সুতা কাঁটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। এক পর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাঁটার মেশিনের সঙ্গে প্যাঁচিয়ে গলা আটকে যায়। স্থানীয়রা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সুতা কাঁটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা দুর্ঘটনা না হত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে।