চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ফোন করার অভিযোগ উঠেছে। ফোন করে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম ও মোবাইল নম্বরসহ তালিকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, একটি মোবাইল নম্বর থেকে ইউএনও পরিচয়ে ফোন করে বন্যাদুর্গত এলাকার ব্যক্তিদের তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে ওই নম্বরের সঙ্গে উপজেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। কেউ যেন ওই নম্বরে কোনো ব্যক্তিগত তথ্য বা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রদান না করেন। এ ধরনের প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে এবং বিষয়টি অন্যদেরও জানাতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন বলেন, ‘প্রতারক ব্যক্তি এখনো কারও কাছ থেকে টাকা-পয়সা চায়নি, তবে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। আমি বিষয়টি মৌখিকভাবে থানার ওসিকে জানিয়েছি। তারা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে এবং জিডি করার প্রক্রিয়া চলছে। নম্বরের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাইনি। ইউএনও মহোদয় বিষয়টি জানিয়েছেন। জড়িত চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোন অপরাধ ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।