স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী, পাশে কাঁদছিল দুই সন্তান

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

গাজীপুরে শ্রীপুরে পোশাক কারখানার এক নারী শ্রমিককে ছুরি মেরে হত্যার পর ঘরের মেঝেতে লাশ ফেলে পালিয়েছে স্বামী। স্ত্রীর বেতনের টাকা নিয়ে স্বামী-স্ত্রী বাকবিতন্ডায় জড়ালে স্বামী ক্ষীপ্ত হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে স্ত্রী ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে সে পালিয়ে যায়। এ সময় মরদেহের পাশে তাদের দুই শিশু সন্তান কাঁদছিল।  

টের পেয়ে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চিকিৎসকের দাবি অতিরিক্ত রক্তক্ষরণে ওই  নারীর মৃত্যু হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে। তাদের দুটি শিশু সন্তান রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

রবিবার (১২ জুলাই) মধ্যরাতে শ্রীপুর পৌরশহরের ৫ নম্বর ওর্য়াডের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার মঞ্জু মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত ওই নারীর নাম নাসিমা আক্তার(২৭)। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৈলাশপুর বনপাড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সাইদুর রহমান। সেও একই গ্রামের বাসিন্দা।
 
প্রতিবেশীরা জানান, রাতে নাসিমা আক্তার বেতর তুলে ঘরে ফিরেন। এ সময় তার স্বামী সাইদুর তার কাছে বেশ কিছু টাকা দাবি করেন। এ সময় নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানান। তার দাবি, দোকান বাকি-বাসা ভাড়া দিয়ে অবশিষ্ট টাকা থাকবেনা। এতে মাসের বাকি সময় চলা কষ্ট হবে। কিন্তু টাকা চাওয়া নিয়ে স্বামী-স্ত্রী বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক সময় স্বামী সাইদুর ক্ষীপ্ত হয়ে ঘরে থাকা ছুরি(চাকু) দিয়ে নাসিমাকে আঘাত করে। এ সময় তাদের শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে লোকজন জড়ো হয়। পরে নাসিমা ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় কৌশলে ঘাতক স্বামী সাইদুর পালিয়ে যায়।

স্বজনরা জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে একটি ৫ বছরের ছেলে ও ৮ বছরের মেয়ে সন্তান আছে। তারা বলেন সাইদুর রহমান বখাটে। কাজ করে না। শুয়ে বসে চলে। স্ত্রীর টাকা নিয়ে তার চলাফেরা। সেই টাকা চাওয়া নিয়ে তাদের মাঝে ঝগড়া বাধে। পরে টাকা না পেয়ে খুন করে স্ত্রীকে।
 
নিহতের ভাই সোহেল রানা বলেন, আমার বোনই সংসারের একমাত্র উপার্যনকারী। তার টাকায় তার স্বামী চলত। প্রয়োজনে অপ্রয়োজনে টাকা দাবি করতো। এ নিয়ে তাদের মাঝে সব সময় বিবাদ লেগেই থাকতো। রবিবার বোনের বেতন উঠে। এরপর থেকেই পেছনে লাগে টাকার জন্য। অবশেষে টাকা না পেয়ে আমার বোনকে খুন করলো। সারা ঘর রক্তে ভরে গেছে। ছোট দুটি সন্তান তাদের। এখন তাদের কে দেখবে। আমরা তার (খুনির) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আশা করি পুলিশ দ্রুত তাকে (খুনি) গ্রেপ্তার করবেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তোফায়েল হোসেন বলেন, ওই নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। অধিক রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নিয়েছে।
 
শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম বলেন, নারীর মরদেহ উদ্ধার করে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে চেষ্টা চালাচ্ছি। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকান্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত