খিচুড়ির সঙ্গে ভিন্নকিছু

রেসিপি দিয়েছেন সাহিদা আফরোজ এ্যানি

ঝাল-মিষ্টি বেগুন ভাজা

উপকরণ

বেগুন বোঁটাসহ ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, বেসন ২ চা চামচ, চিনি আধা চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

বেগুন বোঁটাসহ ভালো করে ধুয়ে মাঝ বরাবর কেটে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, বেসন এবং লবণ মাখিয়ে ভাজুন। বেগুনের ২ পিঠ ভালো করে ভাজা হলে তেঁতুলের ক্বাথের সঙ্গে চিনি মিশিয়ে আবার কিছু সময় ভেজে নিন। তৈরি হয়ে গেল স্বাদের ঝাল-মিষ্টি বেগুন ভাজা।

শুঁটকি ভর্তা

উপকরণ

চ্যাপা শুঁটকি বড় আকারের ৭টা, শুকনো মরিচ ১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন ১৬ কোয়া, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

শুঁটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। কড়াইতে তেল গরম করে শুকনা মরিচ ভেজে রাখুন। এরপর রসুন একটু ভেজে তারমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এরপর চ্যাপা শুঁটকি সামান্য তেল দিয়ে ভেজে নিন। ভাজার সময় বড় বড় কাঁটাগুলো ফেলে দিন। এবং লাল লাল করে ভাজুন। এরপর শুঁটকির সঙ্গে ভাজা মরিচ, পেঁয়াজ এবং রসুন একত্র করে স্বাদমতো লবণ দিয়ে পাটায় বেটে তৈরি করে নিন চ্যাপা শুঁটকির ভর্তা।

মাংসের পিঠালি

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পোলাও চাল গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা আধা চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, মৌরি গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৫টি, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।

বাগারের জন্য

তেল ২ টেবিল চামচ, গোটা জিরা আধা চা চামচ , পেঁয়াজের কুচি ১টি, রসুন কুচি ৫ কোয়া ।

যেভাবে তৈরি করবেন

মাংসের সঙ্গে সব মসলা, লবণ ও তেল (চালের গুঁড়া বাদে) হাত দিয়ে মাখিয়ে চুলায় দিয়ে কষান। মাংস সেদ্ধ হলে পানি দিন। চালের গুঁড়ার সঙ্গে একটু পানি মিশিয়ে মাংসে দিন ও নাড়ুন। কাঁচা মরিচ দিয়ে মাংস দমে রাখুন। অন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরা রসুন ও পেঁয়াজ কুচি ভেজে দমে রাখা মাংসের মধ্যে ঢালুন। কিছুক্ষণ পর নামিয়ে নিন মাংসের পিঠালি।