টোট ব্যাগের জনপ্রিয়তা বহু যুগ ধরে। প্রশস্ত আকৃতি, দুটি মজবুত হাতল এবং অনেক কিছু একসঙ্গে বহনের সুবিধার কারণে নারীর জনপ্রিয় ফ্যাশন অনুষঙ্গ।
‘টোট’ শব্দের অর্থই হলো বহন করা। ১৯৪৪ সালে মার্কিন প্রতিষ্ঠান এল.এল.বিন ভারী জিনিস বহনের উপযোগী ক্যানভাসের ব্যাগ বাজারে নিয়ে আসে।সেখান থেকেই আধুনিক টোট ব্যাগের যাত্রা শুরু। পরে ১৯৬০-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড নতুন নকশা ও উপকরণে উপস্থাপন করলে দৈনন্দিন ব্যবহার থেকে ফ্যাশনের মূল ধারায় জায়গা করে নেয়।
ক্যানভাস, চামড়া, ফক্স লেদার, ডেনিম, জুট, নাইলন ও পুনর্ব্যবহারযোগ্য কাপড়সহ নানা উপকরণে তৈরি হচ্ছে টোট ব্যাগ। ডিজাইনের ক্ষেত্রেও রয়েছে মিনিমাল, প্রিন্টেড, এমব্রয়ডারি, অফিস, ক্যাজুয়াল, ট্রাভেল এবং কাস্টমাইজড এমন অসংখ্য বৈচিত্র্য। ল্যাপটপ, বই, প্রসাধনী, পানির বোতল বা প্রয়োজনীয় সামগ্রী সহজেই বহন করা যায় বলে এটি যেমন ফ্যাশনেবল, তেমনি ব্যবহারিক।
বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ফ্যাশনের প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে কাপড় ও পাটের টোট ব্যাগের জনপ্রিয়তা বেড়েছে। ফ্যাশন সচেতন নারীদের সবার সংগ্রহে এক দুটো টোট ব্যাগ আছে। সবকিছু গুছিয়ে রাখার সুবিধা, টেকসই এবং পোশাকের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাই টোট ব্যাগকে প্রিয় ফ্যাশন অনুষঙ্গে পরিণত করেছে।