পরনে পালাজ্জো

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

ফ্যাশনে অনেক দিন ধরেই চলছে পালাজ্জো। শুরুতে পালাজ্জো অনেকটা প্যান্টের কাটিং প্যাটার্নে হলেও সময়ের সঙ্গে এতে যোগ হয়েছে নানা নিরীক্ষা। নতুনত্ব এসেছে পালাজ্জোর ফেব্রিকস, নকশা আর কাটিং প্যাটার্নে।  হালের স্কার্ট পালাজ্জো নিয়ে লিখেছেন নাহার সুলতানা

একটা সময় পালাজ্জো শুধু কামিজের সঙ্গে পরা হতো। কিন্তু নতুন কাটের পালাজ্জো কাফতান, টপ, টি-শার্ট, শার্টের সঙ্গে বেশ মানিয়ে যায়। পালাজ্জো সুতি, চিকেন, হাতে বোনা তাঁত, লিনেন, সিল্ক, সাটিনসহ হরেক রকম কাপড়ে তৈরি পালাজ্জো পাওয়া যাচ্ছে বাজারে।

ফ্যাশন মেয়েদের সালোয়ার বলতে সিগারেট প্যান্ট ও পালাজ্জোই বেশি চলছে। অম্বর-এর উদ্যোক্তা ও ডিজাইনার শ্রাবণী দত্ত জানালেন, ‘গরমের সময়টায় পালাজ্জোর ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। পালাজ্জোর নিচের দিকটা অনেকটা ঢোলা হয়েছে। দেখতে অনেকটা স্কার্টের আদলে। এ ছাড়াও বটমে স্ক্রিন প্রিন্ট, ব্লক, লেইসসহ নানা ধরনের ভ্যালু এডিশন থাকছে। অধিকাংশ বটমে এখন বেশি ব্যবহৃত হয় এ-লাইন প্যাটার্ন।’

বৃষ্টি সুতোর ডিজাইনার কস্তুরী প্রধান বললেন, ‘গরমে পরতে আরাম যেকোনো পোশাকের সঙ্গে অনায়াসে মানিয়ে যায় বলে পালাজ্জোর চাহিদা অনেক। দেশীয় ও ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে অনায়াসেই পরা যায়। তাই অনেক দিন ধরেই ফ্যাশনে জনপ্রিয় পোশাক হিসেবে টিকে আছে। তবে এর নকশায় এসেছে পরিবর্তন। প্রথম দিকে নিচের দিকটা অতটা চওড়া ছিল না। এখন সেটা অনেক বেড়েছে। লিনেন, নরম সুতি, নিটওয়্যার দিয়ে তৈরি পালাজ্জোর নিচের ঝুলটা খুব ভালো হয়। নিচের দিকে ত্রিভুজের মতো কাট এসেছে। যোগ হচ্ছে লেইস ও সুতার কাজ। পালাজ্জোতে প্রিন্টের কাপড়ও ব্যবহার করা হচ্ছে। এক রঙের কিংবা প্রিন্টের পালাজ্জোর ওপর হাতের কাজ, মেশিন এমব্রয়ডারিসহ নানা ধরনের কাজ যোগ করে বৈচিত্র্য আনা হয়েছে। তিনি আরও জানালেন, ‘ফ্যাশনে পালাজ্জো পুরনো হলেও লাইলিং আর বেলবটম কাটিং ব্যবহার করে তা নতুনরূপে ফিরে এসেছে। নতুন ধরনের স্কার্ট পালাজ্জো মসলিন, সিল্ক ও জর্জেটে দেখা যাচ্ছে। এর ভেতরে লাইলিং দেওয়া থাকে সুতি কাপড়ে।

গরমে আরামদায়ক ভেবে তরুণীরা এখন পরছেন ঘের বাড়িয়ে। নিচের দিকে একটু ত্রিকোণ ঝুল, তার ওপর লেইস ও ফুলের কাজও যোগ হয়েছে। প্রিন্টের বিভিন্ন স্কার্ট পালাজ্জো চলছে পাশ্চাত্য পোশাকের অনুষঙ্গ হিসেবে।’ সেইলরের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সাহাদুজ্জামান বলেন, ‘শুরুতে লং কামিজের সঙ্গে এক রঙের পালাজ্জোর ট্রেন্ড ছিল। ডিজাইন ছিল কোমরে কুচিওয়ালা বা কুচিবিহীন দুই ধরনের পালাজ্জো। এখন এসেছে প্যান্টের মতো, আর নিচের দিকটা ঢোলা। নিচের দিকে ব্লক হাতের কাজ, এপ্লিকের নকশা করা। দেখলে মনে হবে স্কার্ট পরে আছে, কোমর থেকে একেবারে পায়ের গোড়ালির একটু ওপর পর্যন্ত কুচি দেওয়া এমন পালাজ্জোও চলছে। কোমর থেকে সোজা কাটের কিছু পালাজ্জো আছে, যেগুলো দেখতে অনেকটা স্কার্টের মতো। হাঁটু থেকে চার-পাঁচ ইঞ্চি পর্যন্ত নিচে গিয়ে এগুলোর ঝুল শেষ হয়েছে।’

স্কার্ট ধাঁচের পালাজ্জো প্রসঙ্গে ভূমিজ-এর ডিজাইনার মাঈন উদ্দিন ফুয়াদ বলেন, এখন পালাজ্জোতে সুতি, জর্জেট, লিনেন, সিল্ক, নিট, ডেনিম, টুইল বা একটু মোটা আর নরম কটন কাপড়ের ওপর দারুণ সব স্ক্রিন প্রিন্টের কাজ হচ্ছে। এই ধরনের পালাজ্জোর সঙ্গে একটু ফ্লেয়ার দেওয়া এক রঙের টপ ভালো লাগবে। জর্জেট পালাজ্জোর সঙ্গে বুক পর্যন্ত চাপা হয়ে ছেড়ে দেওয়া টপ পরতে পারেন।’

কোন পোশাকের সঙ্গে কেমন পালাজ্জো

পালাজ্জো হঠাৎ করে দেখলে মনে হতে পারে স্কার্ট। কিন্তু এই পোশাকটি গরমে যেমন আরামদায়ক, তেমনি সব রকম জায়গায় পরে যাওয়ার উপযুক্ত। পালাজ্জোর সঙ্গে ম্যাচিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু নিচের দিকটা অনেকটা ছড়ানো, তাই ওপরে পড়ুন একটু হালকা টপ। আবার পরতে পারেন ফিটিং কামিজ কিংবা ফতুয়া। পালাজ্জোর সঙ্গে মানানসই টি-শার্ট পরে নিতে পারেন। যাদের উচ্চতা বেশি তারা একটু ঢলঢলে শার্ট দিয়েও স্কার্ট পালাজ্জো পরতে পারেন। একটু গোল করে কাটা হেমের কামিজের সঙে বক্স পালাজ্জো পরলে বেশ ভালো লাগবে দেখতে।

যাদের উচ্চতা কম তারা অনেক সময় স্কার্ট পালাজ্জো পরতে দ্বিধাবোধ করেন। তারা ভাবেন তাকে মানাবে তো? তাদের এই ধরনের স্কার্ট পালাজ্জো পরতে কোনো সমস্যায় নেই। বরং ঠিকমতো পালাজ্জো পরলে উচ্চতা বেশি মনে হবে। পালাজ্জোর সঙ্গে শার্ট পরলে তার নিচের দিকটা গুঁজে নিন এক কোমরের ভেতরে। তাতে পা দুটো অনেক বেশি লম্বা মনে হবে। শুধু তাই নয়, যাদের উচ্চতা কম তারা পরুন একরঙা বা হালকা রঙের, হালকা প্যাটার্নের পালাজ্জো। বেশি হিবিজিবি প্যাটার্ন এবং রংচঙে পালাজ্জো পরলে দেখতে আরও খাটো লাগবে। একরঙা পালাজ্জো এবং তার সঙ্গে কনট্রাস্ট করে একরঙা বা কয়েক রঙের প্যাটার্নের কামিজ বা টপ পরে নতুনত্ব নিয়ে আসতে পারেন। হালকা রঙের পালাজ্জো এবং টপ কিন্তু আপনি অফিশিয়াল পোশাক হিসেবেও ব্যবহার করতে পারেন। তবে যা কখনোই করবেন না। তা হলো, এক রঙা পালাজ্জোর সঙ্গে ঠিক সেই রঙের কামিজ বা টপ কখনোই পরবেন না। রঙিন বা প্যাটার্ন বেইজড পালাজ্জো পরার নিয়ম হলো, পালাজ্জোর প্যাটার্নে থাকা একটি হালকা রঙ বেছে নিন এবং সেই রঙের টপ বা কামিজ পরুন। পালাজ্জোতে ডিজাইন আছে, এমন অবস্থায় আপনার কামিজেও যদি ডিজাইন থাকে তবে তা দেখতে বেমানান লাগবে। এক রঙা কামিজ পরাটা সবচেয়ে নিরাপদ। অন্য কোনো রঙ পরতে না চাইলে একটি রঙিন পালাজ্জোর সঙ্গে একেবারে সাদা কামিজ বা টপ পরতে পারেন। এই গরমে তা যেমন আরামদায়ক হবে তেমনি দেখতেও বেশ লাগবে। পালাজ্জোর সঙ্গে ওয়েজ হিল বেশি মানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত