‘পরাণ' এ মুগ্ধতা ছড়াচ্ছেন  ঈশিকা

নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন এ প্রজন্মের শিল্পী হুমায়রা ঈশিকা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ক্ষুদে গানরাজ খ্যাত এই শিল্পীর ‘পরাণ’ নামের এই মৌলিক গানটি । আর এটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট। রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের মনে ধরেছে।  

গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’ 

গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে। 

প্রসঙ্গত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তীতে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এছাড়াও গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’-এর আলোচিত গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ঈশিকা।