চট্টগ্রামে মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৫ জুলাই) আদালতে আসামিদের উপস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার লাকসাম এলাকার মো. হারুন ও নাঙ্গলকোট থানার মো. নাসির উদ্দিন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর রায়েন সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে এক হাজার বোতল ফেনসিডিলসহ হারুন ও নাসির উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নগরের আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে পুলিশ কর্তৃক অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রমে ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়।