জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং আহত ও শহীদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।