অলিখিত ফাইনাল থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। মাঠের ক্রিকেটে যেমন ভরাডুবি হচ্ছে, তেমনি মাঠের বাইরেও চলছে চোটের মিছিল। পুরনো চোট এখনো ভালো না হওয়ায় জিম্বাবুয়ে সফরের কোনো ম্যাচ না খেলেই ফিরে আসেন উইকেটরক্ষক লিটন দাস। একই তালিকায় যুক্ত হন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। এবার আরেক পেসার নাহিদ রানও চোট পেয়েছেন।

গতকাল বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় বাঁ-পাশের পাঁজরের নিচের দিকের ব্যথা নিয়ে উঠে যান তিনি। এ কারণে আগামীকাল সিরিজের অলিখিত ফাইনালে মাঠে নামতে পারবেন না এই ডানহাতি গতি তারকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, সফরের শেষ ম্যাচটি খেলা হবে না রানার। গতকাল চোট পাওয়ার পর থেকে পর্যবেক্ষণ আছেন তিনি। আজ স্থানীয় হাসপাতালে পরীক্ষা করানো হবে। তবে ফল যেটাই আসুক, চোটের ধরণ অনুযায়ী শেষ টি-টোয়েন্টিতে নাহিদ বল করতে পারবে না বলেই ওই সূত্র নিশ্চিত করেছে। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের ৪ ওভারের কোটা পূরণ করেননি নাহিদ। তিনি মাত্র ২.৩ ওভার করে বোলিং করে চোট নিয়ে মাঠ ছাড়েন। এর পর এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন 'নাহিদ রানা আজকের (গতকাল) খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নেব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।'