প্রচারে আসছে  ‘কর্মফল’

জীবন থেকে নেওয়া গল্পে নাটক নির্মাণে এরই মধ্যে নিজের মেধার পরিচয় দিয়েছেন সময়ের মেধাবী পরিচালক মুহিন খান। তার নির্মিত বহু নাটক বিগত দুই-তিন বছরে বেশ আলোচনায় এসেছে। সম্প্রতি এই পরিচালক নির্মাণ শুরু করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’। নাটকটি রচনাও মুহিন খান নিজেই। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিংবাড়িতে টানা কয়েকদিনের শুটিং শেষ হয়েছে। তারকাবহুল এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহি। 

নাটকটি নিয়ে দিলারা জামান বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণের সময়টা আবার ফিরে এসেছে। যে কারণে এখন আগের চেয়ে বেশি কাজে ব্যস্ত থাকতে হয়। ভালো ভালো গল্পেই নাটক নির্মিত হচ্ছে। মুহিনের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। মুহিন গল্প লিখেন সুন্দর। নির্দেশনার কাজটাও ভীষণ যতœ নিয়ে করে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। কর্মফল নাটকের মূল মেসেজই হলো যে, যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটা সবার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। নাটকে সবাই খুব আন্তরিকতা নিয়ে অভিনয় করেছে। কর্মফল নিয়ে আমি ভীষণ আশাবাদী।’