প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া তরুণ রাজনীতিক রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ লাভের পর রাশেদ খাঁন গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফেসবুক পোস্টে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।’ তিনি আরও লিখেছেন ‘আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এ জন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

 ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন রাশেদ খাঁন। এরপর তিনি গণঅধিকার পরিষদে যোগ দেন এবং এর সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসন থেকে ভোটে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে যান।