সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ রাজারবাগ পানির পাম্পের গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পলাশের বন্ধু মো. হিরা জানান, পলাশ ভাড়ায় প্রাইভেটকার চালাত। তবে বর্তমানে বেকার ছিল। সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিল। সন্ধ্যার দিকে এলাকার মাদক কারবারি ও রিকশা চোর রয়েলসহ কয়েকজন পানির পাম্পের গলিতে পলাশকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন ও শরীরের একাধিক জায়গায় জখম করে ফেলে যায়। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. হিরা আরও জানান, পলাশ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভিপতি লিটন খানের সঙ্গে থাকত। গত এক সপ্তাহ আগে এলাকার সবুজ রিকশা চুরি করে ধরা পড়ে। পরে সবুজকে ছাড়িয়ে দেয় রয়েল। এ বিষয় নিয়ে রয়েলের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। তার জের ধরে রয়েল এ হত্যাকা- ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পলাশের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার সোনাপুর গ্রামে। সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় থাকত পলাশ। গত ৬ মাস আগে মরিয়ম আক্তারকে বিয়ে করে। আগে প্রাইভেটকার চালাত। বর্তমানে বেকার ছিল। সে বিএনপির রাজনীতি করত। কিছুদিন আগে এলাকার রয়েল নামে একজনের সঙ্গে পলাশের মারামারি হয়েছিল। আজকে কে বা কারা পলাশকে হত্যা করেছে তা জানি না। আমরা হত্যাকা-ের বিচার চাই। সবুজবাগ থানার এসআই সাইফুর রহমান জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। ঘটনাস্থলেও টিম রয়েছে।