‘রুয়াপ’ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশের বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ‘রুয়াপ’ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রুয়াপ পার্কিং বিল্ডিং প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। ‘রুয়াপ জাতীয়তাবাদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। সংগঠনের সভাপতি ডা. শাহজাহান সিরাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, অবসরপ্রাপ্ত সাবেক ডেসকো প্রধান এসএম হাবিবুর রহমানসহ রুয়াপ জাতীয়তাবাদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো। এ সময় পরিবেশ সুরক্ষায় এমন সামাজিক ও যৌথ প্রয়াসকে সফল করতে সর্বস্তরের মানুষের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি।