অভিনয় ও গান থেকে দীর্ঘ বিরতি শেষে উপস্থাপক হিসেবে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর আঞ্চলিক সংস্করণ ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনা করবেন তিনি।
প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। প্রাথমিক বাছাই শেষে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে বর্তমানে চলছে গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালে বিজয়ী শিল্পী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার ১০টি দেশ এতে অংশ নিচ্ছে।
আজ ২২ জুলাই রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা এবং উপস্থাপক ও বিচারকদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পুরো আয়োজনটি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।