‘চলো সংসদ’ পদযাত্রা নিয়ে হুমা কুরেশির ক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম

দিল্লিতে শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। প্রায় ৫০ হাজার আন্দোলনকারী জন্তর মন্তর থেকে সংসদের অভিমুখে যাত্রা করলে তাদের ওপর বল প্রয়োগের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হুমা লেখেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর এমন নির্মম বল প্রয়োগ দেখে আমি গভীরভাবে ব্যথিত। ঘটনাটি আরও ধৈর্য, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। জনগণই এই সরকার নির্বাচিত করেছে, তাই আজ প্রশ্ন তোলা এবং জবাবদিহি চাওয়া প্রতিটি নাগরিকের অধিকার।’ সহিংসতার বদলে মর্যাদার সঙ্গে নাগরিকদের কথা শোনার আহ্বান জানিয়ে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান।

অন্যদিকে এই আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনী এবং কঙ্গনা রানাওয়াত। তাদের মতে, এভাবে আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। তবে এই পদযাত্রায় সরাসরি সংহতি জানিয়ে অংশ নিয়েছেন প্রকাশ রাজ, শাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহর মতো জ্যেষ্ঠ তারকারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত