হাবের সংবাদ সম্মেলন

বেসরকারি হজ প্যাকেজেও বাড়ল খরচ

গত বছরের থেকে খরচ বাড়িয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদ আহমেদ বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী প্যাকেজ রাখা হয়েছে। বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। আর সাধারণ প্যাকেজে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে হজ করার খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। এর বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তিনি আরও বলেন, গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সেই হিসেবে বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজের তিনটি প্যাকেজেই খরচ বেড়েছে। এবার হজ প্যাকেজেই যুক্ত থাকবে কোরবানির খরচ। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো এজেন্সি অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গেল মে মাসের শেষের দিকে পালিত হয়েছে এ বছরের পবিত্র হজ। ২০২৭ সালের হজের এখনো বেশ খানিকটা সময় বাকি থাকলেও হজ গমনেচ্ছুরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদ আহমেদ বলেন, এবার পরোক্ষভাবে হজ প্যাকেজের খরচ বাড়লেও মুসল্লিদের  জন্য রাখা হয়েছে বিশেষ সুযোগ-সুবিধা। এজেন্সিগুলো প্রয়োজনে অতিরিক্ত আরও একটি প্যাকেজ তৈরি করতে পারবে। হজ ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম করা যাবে না। ইতিমধ্যে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। বেসরকারি হজ প্যাকেজে এক সৌদি রিয়াল সমান ৩৩ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের রেট পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। তিনি বলেন, বিশেষ প্যাকেজে হারাম শরিফের বহিঃচত্বর থেকে হোটেলের দূরত্ব ৬০০ মিটারের মধ্যে। মদিনায় মারকাজিয়া (সেন্ট্র্রাল এরিয়া) এলাকায় আবাসন। মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফাতে ‘ডি’ ক্যাটিগরি সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ। এ ছাড়া মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাত-মুজদালিফা-মিনা বাস বা ট্রেনযোগে যাতায়াত, এটাচড্ বাথসহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে এই প্যাকেজে।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন। সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের চেয়ে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমেছে। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সায়শ্রী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।