প্রেম-ভালোবাসার পর এবার নতুন আলোচনায় ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এনগেজড’ প্রকাশের মতোই তিনি রহস্য ছড়িয়েছেন পাকিস্তান সফরে গিয়ে। নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা একের পর এক স্টোরিতে নীহাকে দেখা গেছে পাকিস্তানের মনোরম নানা জায়গায় ঘুরে বেড়াতে। এমনকি সেখানে বসে উপভোগ করেছেন রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনাল ম্যাচও। তবে তার এই সফর ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। দর্শক ও ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
তাদের প্রশ্ন-অভিনেত্রীর পাকিস্তান সফরের আসল রহস্য কী? তিনি কি সেখানে শুধুই ঘুরতে গেছেন, নাকি প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছেন, না অন্য কিছু? নানা গুঞ্জন রটলেও মনের মানুষ নিয়ে দারুণ রহস্য বজায় রেখেছেন নীহা। পাকিস্তানে অবস্থান করলেও নিজের বিশেষ মানুষটির ছবি আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেননি তিনি। অবশ্য স্ন্যাপচ্যাটে সংক্ষিপ্ত সময়ের জন্য ভেসে ওঠা একটি ‘কাপল ছবি’ চোখ এড়ায়নি ভক্তদের। সেটিতে তাদের একসঙ্গে দেখা গেলেও নিমিষেই তা মুছে ফেলা হয়।
গত ২৯ জুন, যখন ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ লেখেন নীহা। এর পর থেকেই নেটিজেন ও ভক্তদের মাঝে শুরু হয় জল্পনা-কল্পনা। চাউর হয়, দেশের বাইরে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়, যা পরবর্তী সময়ে রূপ নেয় প্রণয়ে। খবর ছড়ায় বাগদানের। দুই পরিবারের সম্মতিতে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও গুঞ্জন ওঠে। তবে বিষয়টি শুধুই বন্ধুত্বের বলে জানান নীহা।
এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীহা নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে বলেছিলেন, আমি আর সিঙ্গেল নই, এনগেজড। তবে উপযুক্ত সময়েই আমি নিজের মুখে সব জানাব। হবু বরের দেশ বা পরিচয় গোপন রাখলেও ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন অহেতুক জল্পনা না ছড়াতে। কিন্তু তার এই সাম্প্রতিক পাকিস্তান সফর ও ফুরফুরে মেজাজ যেন সেই গুঞ্জনকেই বারবার উসকে দিচ্ছে।