পরীক্ষা খারাপ হওয়ায় ফল প্রকাশের আগেই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি (দাখিল) পরীক্ষা খারাপ হওয়ায় অকৃতকার্যে শঙ্কায় ফল প্রকাশের আগেই মাফিয়া সুলতানা মাহি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একইদিন আনুমানিক ভোর ৫টার দিকে কাকনহাটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে মাহি তাদের বসতবাড়ির রান্না ঘরের আড়ায় দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাহি এবছর  ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।

নিহত মাহির বাবা আব্দুল খালেক বলেন, মাহি এবার ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম মা তোর পরীক্ষা কেমন হয়েছে, ফেল করবি না তো? এরপর থেকেই মেয়ের চলাফেরায় আমার কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু কখনোই ভাবিনি সে এমন কাজ করে বসবে। এছাড়া আর কোন কারণ আমার জানা নাই। আমার ধারণা একারণেই মেয়েটা আত্মহত্যা করেছে।

তার খালা আনোয়ারা বেগম (৬০) বলেন, মাহির মা মঞ্জুরা বেগম শারিরীকভাবে অসুস্থ। চিকিৎসা করার উদ্দেশ্যে ঢাকায় মেয়ের বাসায় গেছে। বাড়িতে আমি আর মাহি ছিলাম। এ দিন তার বাবাও বাড়িতে ছিল না। বুধবার রাতে খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজ পড়তে ঘুমতে ওঠে দেখি বিছানায় মাহি নেই। ডাকাডাকির এক পর্যায়ে রান্না ঘরে গিয়ে দেখি তার মরদেহ ঝুলে আছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত