‘মঞ্চ সম্রাজ্ঞী’ বলবেন জীবনের গল্প

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

‘মঞ্চ সম্রাজ্ঞী’ বলে খ্যাতি অর্জন করা দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ফেরদৌসী মজুমদার এবার  নিজের পাঁচ দশকের ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। ‘অনুস্বর সংলাপ’ নামক এক অনুষ্ঠানে দর্শকের কাছে জীবনের নানা অজানা তথ্যও তুলে ধরবেন তিনি।২৫ জুলাই বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বসবে আসরটি। আয়োজনে অনুস্বর নাট্যদল। 

অনুষ্ঠানে জীবনের গল্প বলার পাশাপাশি উপস্থিত দর্শকের নানা প্রশ্নের উত্তরও দেবেন শিল্পী। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘অনুস্বর’। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই এই সংলাপের আয়োজন করে আসছে দলটি। প্রথমবার এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। বাংলাদেশের নাটকের গতিপথ নির্দেশনায় এ আয়োজন ঋদ্ধ করেছিল এ প্রজন্মের নাট্যশিল্পীসহ সাধারণ দর্শককূলকে। 

উল্লেখ্য, অভিজাত পরিবারে বেড়ে উঠেছেন ফেরদৌসী মজুমদার। লেখক, শিক্ষাবিদ ও নাট্যজন মুনীর চৌধুরী ও কবীর চৌধুরীর বোন তিনি। তার স্বামী অভিনেতা ও নির্দেশক রামেন্দু মজুমদার। আবার তার কন্যা ত্রপা মজুমদারও গুণী অভিনেত্রী ও নির্দেশক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত