আসন্ন এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাল-সবুজের গ্রুপে মিয়ানমার ও দক্ষিণ কোরিয়া ছাড়াও রয়েছে তিনবারের স্বর্ণজয়ী দল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ১২ দলের এই ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ খেলবে বি- গ্রুপে। এই গ্রুপটিকে কঠিন মানছেন অধিনায়ক মারিয়া মান্দাও। তিনি বলেন, ‘আসলেই অনেক কঠিন গ্রুপে পড়েছি আমরা। আমাদের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ দুই কোরিয়াই অনেক শক্তিশালী। মিয়ানমারের বিপক্ষে হয়তো জিততে পারব। তবে সবচেয়ে বড় কথা মাঠে নামলে আমরা বুঝতে পারব কী হবে। তবে চেষ্টা করব ভালো খেলা উপহার দিতে।’ এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ছাড়াও তিনটি করে স্বর্ণপদক জিতেছে জাপান ও চীন।
প্রতিপক্ষ হিসেবে পাওয়া উত্তর কোরিয়া এশিয়ান গেমসের নারী ফুটবলের অন্যতম সফল একটি নাম। এখন পর্যন্ত এই ইভেন্টে তিনটি স্বর্ণপদক জয়ের গৌরব রয়েছে দলটির। পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়াও। এশিয়াডের মঞ্চে নিয়মিত মুখ দলটি এখন পর্যন্ত দশবার অংশ নিয়ে তিনবার ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে। গ্রুপের আরেক দল মিয়ানমার অবশ্য অভিজ্ঞতায় বাংলাদেশের সমপর্যায়ের। লাল-সবুজদের মতোই তারাও এর আগে মাত্র একবার এশিয়ান গেমসে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।