লোহিত সাগরে সৌদি আরবের জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বৃহস্পতিবার হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।
হামলার শিকার জাহাজ দুটির নাম এনসেলিয়া এবং লায়লা। হুতিদের বলেছে, লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ট্যাংকার দুটিতে একই সঙ্গে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটির দাবি, এই অভিযানের ফলে আরও প্রায় ১০টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তবে, হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। হামলার সময় একটি ট্যাংকার সৌদি আরবের উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল বা প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়।