ভাটারায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় শিশুসহ দুজন মারা গেছের। মৃতরা হলেন, শাহিন (২৪) ও তার ভাগনি হাফসা আক্তার (৮)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে মারা যায় শাহিন এবং বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের ৫০ শতাংশ ও হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ফাহিমা ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশংকাজনক। 

এর আগে, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ৬ তলা বাড়ির নিচ তলায় এই এই দুর্ঘটনা ঘটে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শোরুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তারা। ওইদিন ভোরে বাসাটিতে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাসাটির ভিতরে থাকা ওই ৩ জন পুড়ে গেছে। তখন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, শাহীনের ওই বাসাটিতে তিতাসের গ্যাস লাইন রয়েছে। তাদের ধারণা, রাতে সেই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমে ছিল। ভোরে রান্নার কারণে বা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

দগ্ধ ফাহিমার চাচী শামীমা সুলতানা জানান, গত এক মাস আগে নতুনবাজারের ওই বাসায় ভাড়া উঠেন তারা। বাসায় উঠার পরপরই সেখানে গ্যাসের গন্ধ পান। তখন বাড়িওয়ালাকে ডেকে বিষয়টি বলেন। পরে বাড়িওয়ালা পাইপ মেরামত করে দেন। এরপর কয়েকবার এরকম পাইপ লিক হয়। পরবর্তীতে আর পাইপ ঠিক করে দেননি। বাড়িওয়ালার গাফলতির কারণেই এই ঘটনা ঘটেছে।