ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের পূর্ণ শক্তির দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের এই দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। এছাড়াও মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের সঙ্গে স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেনের মতো তারকারা আছেন।
এমনিতেই বাংলাদেশের বিপক্ষে খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অজিরা। মাঝেমধ্যে সাদা বলের দুই সংস্করণে খেললেও তুলনামূলক দ্বিতীয় সারির দল দেয় তারা। তবে এবার ব্যতিক্রম। যা অবাক করেছে নাজমুল হোসেন শান্তকেও।
আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার দল নিয়ে বিস্ময় লুকাননি শান্ত, 'সাধারণত এর আগে আমি এমন কিছু দেখিনি। আমাদের বিপক্ষে খেলতে গেলে অনেক ধরণের পরীক্ষানিরীক্ষা করে থাকে। আমি বলব যে এটা দল হিসেবে আমাদের একটা অর্জন।'
টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে বলেই মনে করেন শান্ত, 'এমন একটা দল ওরা দিয়েছে, তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য বড় সুযোগ এই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। ইতোমধ্যে টেস্টে আমরা একটা ভালো অবস্থা তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এতেই বোঝা যাচ্ছে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্ট হবে ডারউইন (১৩-১৭ আগস্ট) ও ম্যাকাইয়ে (২২-২৬ আগস্ট)।