বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল ২০২৭ সালে ইংল্যান্ড সফর করবে। আজ বুধবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচিতে বিষয়টি নিশ্চিত করা করেছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই লড়াই। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা। অন্যদিকে, ইংল্যান্ড সফরে বাংলাদেশ নারী দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, 'লর্ডসে বাংলাদেশের পুরুষ দলকে একমাত্র টেস্ট ম্যাচে স্বাগত জানাতে আমরা আনন্দিত। ২০১০ সালের পর নিজেদের মাটিতে প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।'
বাংলাদেশ নারী দলের সূচি-
টি-টোয়েন্টি সিরিজ
৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ
১৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি
২৪ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড
ছেলেদের একমাত্র টেস্ট
২৮ মে, লর্ডস