বই পরিচিতি

দুখু আর সুখু

দুখু আর সুখু দুই বোন। এর মধ্যে কে বড় আর কে ছোট সেটা কি তোমরা বলতে পারবে? ঠিক বলেছ, দুখু বড় আর সুখু ছোট। বড় বলেই না দুখুর নাম প্রথমে বলা হয়েছে। এই দুই বোনের গল্পই লিখেছেন মাহবুবুল হক।

দুখু মেয়েটা খুব নরমসরম। কারও মনে ব্যথা দিতে চায় না। তাদের বাবা ছিল চাষি। কষ্টেসৃষ্টে দিন কাটে। বাবা-মাকে সাহায্য করার জন্য দুখু তাই তুলা দিয়ে সুতা কাটে। একদিন বাতাসে তুলা গেল উড়ে। সুতা না কাটলে তারা খাবে কী? এই ভেবে দুখু দিল কেঁদে। তাই না দেখে বাতাস বলল, কেঁদো না। তুলা কোথায় পাওয়া যাবে তোমাকে নিয়ে যাচ্ছি। উপায় না দেখে দুখু চলল বাতাসের সঙ্গে। পথে দেখা হলো, গাই, কলাগাছ আর ঘোড়ার সঙ্গে। তাদের কিছু কাজ করে দিল দুখু। কী কাজ করে দিয়েছে তা আমি বলব না। সব বলে দিলে বইটি পড়ে মজা পাবে না। তারপর বাতাস দেখিয়ে দিল দুখুকে সেই জায়গা, যেখানে গেলে দুখু পাবে সুতা। সেখানে কে থাকে, আর দুখু কী পেল সেটিও বলব না। তবে এটা বলে দিই যে, দুখু কিন্তু বাড়ি ফিরল বেনারসি শাড়ি আর গা ভর্তি সোনার গহনা নিয়ে।

আর সুখু? দুখু সেই গহনার অর্ধেক দিল সুখুকে। কিন্তু সুখু কি সেই গহনা নিয়ে সুখে দিন কাটাতে লাগল? না। সে ছিল অহংকারি আর বদমেজাজি। অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করলে কী হয় সেটা জানতে পারবে গল্পের বাকি অংশ পড়লে।

দুখু আর সুখু বইটির গল্পই যে সুন্দর তা নয়, বইয়ের পাতায় পাতায় রয়েছে খুব সুন্দর সুন্দর ছবি। ছবিগুলো এঁকেছেন প্রসূন হালদার। বইটি তোমাদের ভালো না লেগে যায় না।