মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমা পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি ছাতার ভেতর থেকে হাতবোমাটি উদ্ধার করা হয়। পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ হয়। ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথচারীরা মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের ওপর ছাতার নিচে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে যাই এবং বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। বোম ডিসপোজাল ইউনিট এলাকাটি ঘিরে রাখতে বলে এবং কাউকে হাত না দিতে বলে। পরে তারা এসে ৮টার দিকে এটি নিষ্ক্রিয় করে। এটি মূলত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল। মানে হাতে বানানো বোমা। কোনো গ্রেনেড নয়। তবে নিরাপত্তার স্বার্থে ওই এলাকার যান চলাচল সীমিত করা হয় এবং আশপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। গতকাল দুপুর দেড়টার দিকে উল্টো রথযাত্রা ছিল। রথযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওই এলাকা হয়ে স্বামীবাগ ইসকন আশ্রমে গিয়ে শেষ হয়। পুলিশের ধারণা, রথযাত্রা ঘিরে কেউ ছাতার ভেতর করে বোমাটি রেখে যেতে পারে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।