ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় গাঁজা কিনে ফেরার পথে দেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজাসহ জামিল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত জামিল হোসেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের আব্দুল লতিফের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। এ সময় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘দণ্ডপ্রাপ্ত জামিলকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনের অপরাধে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’