দীর্ঘ ১০ মাসের জমকালো প্রতিযোগিতা শেষে শেষ হলো সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ওড়িশার তরুণী জ্যোতির্ময়ী নায়েক। ইন্ডিয়ান আইডলের ইতিহাসে প্রথম ওড়িশার প্রতিযোগী হিসেবে এই শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়লেন তিনি। পুরস্কার হিসেবে ২০ লাখ রুপিও পেয়েছেন তিনি। প্রথম রানারআপ হয়েছেন জবলপুরের তানিস্ক শুক্লা। পেশায় মিউজিক থেরাপিস্ট ও প্রশিক্ষিত এই শিল্পী ভক্তিমূলক গান গেয়ে যাত্রা শুরু করেছিলেন। বিজয়ী হয়ে আবেগাপ্লুত জ্যোতির্ময়ী নিজের এই অর্জন বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছেন।
শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ বিচারক হিসেবে থাকা এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন উষা উত্থুপ, উদিত নারায়ণ, কুমার শানু ও উর্মিলা মাতন্ডকরের মতো তারকারা।