আমিরাতে ৬২৬ জনের ভিসা বাতিল

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ৫ হাজার বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সত্য নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সেখানে বাংলাদেশের ৬২৬ নাগরিকের ভিসা বাতিল হয়েছে।  সংযুক্ত আরব আমিরাতে ভিসা পরিস্থিতি বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খবর প্রকাশিত হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ভাইদের ভিসা অটো ক্যানসেল (স্বয়ংক্রিয়ভাবে বাতিল) হচ্ছে। ৫ হাজার বা কিছু সংখ্যা বলা হচ্ছে; যে সংখ্যাটা সঠিক নয়।’

আমিরাতে বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬২৬ জন বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, এমনটি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এমন নয়। পাকিস্তান, মিসর, ফিলিপাইন ও নেপালসহ অন্যান্য দেশের নাগরিকদের ভিসাও বিভিন্ন কারণে বাতিল হয়েছে। ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমিরাতে চাকরিদাতা কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করছে। চাকরি হারানোর কারণে যাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তাদেরও কিছু দায়দায়িত্ব আছে। ভিসা নবায়ন না হওয়ার বড় কারণ ভুয়া কাগজপত্র, এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘আরব আমিরাত সরকার যখন ধরতে পারে, তখন তারা সেই ভিসাটা আর নবায়ন করছে না।’