গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

সংবাদকর্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করতে সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেছেন, কমিশন গঠিত হলে সৎ সাংবাদিকরা উৎসাহিত হবেন, আর অসৎ সাংবাদিকদের জন্য তা হবে দুঃসংবাদ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত অ্যাকশন প্ল্যান ও কমিশনের খসড়া অনুমোদনের জন্য সরকারের কাছে হস্তান্তর করা হবে।

কমিশনের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একবার যদি গণমাধ্যম কমিশন গঠন করতে পারি, তাহলে সৎ সাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য সরকারের হাতে একটি শক্তিশালী হাতিয়ার থাকবে। একই সঙ্গে অসৎ সাংবাদিকদের জন্য এটি দুঃসংবাদে পরিণত হবে।’

তিনি আরও যোগ করেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার করে গড়ে তোলার লক্ষ্যেই মূলত সরকার গণমাধ্যম কমিশন গঠনের এই উদ্যোগ নিয়েছে।

বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ, সালেহ টিটু (বাংলাভিশন), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাসান (নাগরিক টিভি), শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), শেখ শামীম (মোহনা টিভি) এবং খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ)।

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধান, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি সুষ্ঠু গণমাধ্যম পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তথ্যমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানান।